ভৈরবে ডেঙ্গুর প্রকোপ, ফের সড়ক অবরোধ এলাকাবাসীর
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। একের পর এক মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়ে ময়লার ভাগাড় অপসারণ, নিয়মিত মশক নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌর শহরের বাগানবাড়ী রোডের মনামারা ব্রিজ সংলগ্ন এলাকা ও আইস কোম্পানির মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। কর্মস্থল, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষকে কিছু সময় অপেক্ষা করতে হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২ নম্বর ওয়ার্ডে দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লার স্তূপের পাশাপাশি রয়েছে দুটি বড় ময়লার ভাগাড়। এসব স্থানে মশার প্রজনন বাড়ছে বলে মনে করছেন তারা।
.png)
তাদের দাবি, ময়লার ভাগাড় অপসারণ এবং নিয়মিত মশক নিধনের জন্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানানো হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি। অন্যান্য এলাকার তুলনায় ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি বলেও দাবি করেন তারা। অনেক পরিবারের একাধিক সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ কয়েকজন ঢাকাসহ বিভিন্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান বিক্ষোভকারীরা।
আশ্বাসে অবরোধ প্রত্যাহার
বেলা ১২টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হক। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। পরে তার আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন এলাকাবাসী। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর একই ওয়ার্ডের বাসিন্দারা দুটি বড় ময়লার ভাগাড় অপসারণের দাবিতে একই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। এক সপ্তাহের ব্যবধানে ফের অবরোধের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষও দুর্ভোগে পড়ছেন।
‘ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে’
বিক্ষোভে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আরিফুল হক সুজন, পৌর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিস উল্লাহ মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ইসমাইল, যুবদল সভাপতি জাহিদ মিয়া (জাবেদ), ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম হৃদয়সহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।
জাহিদুল হক জাবেদ বলেন, ভৈরবে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। শহরের প্রায় প্রতিটি এলাকায় ডেঙ্গু রোগী রয়েছে। ২ নম্বর ওয়ার্ডের অনেক বাড়িতে চার থেকে পাঁচজন করে আক্রান্ত হয়েছেন। এ ওয়ার্ডের ২০ থেকে ২৫ জন রোগী ঢাকাসহ বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ২ নম্বর ওয়ার্ডে ছোট ছোট ময়লার স্তূপের পাশাপাশি দুটি বড় ভাগাড় রয়েছে। বাগানবাড়ী রোডের মনামারা ব্রিজ সংলগ্ন এলাকা এবং ভৈরব রেলওয়ে স্টেশন রোডের পাশের ময়লার স্তূপ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে তারা মনে করছেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এসব ভাগাড়ের সমস্যা সমাধান না করলে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য রোগও ছড়িয়ে পড়তে পারে।
দুই ভাগাড় অপসারণের উদ্যোগ
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হক বলেন, ভৈরবে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় প্রশাসনও উদ্বিগ্ন। ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে স্টেশন এলাকার ময়লার ভাগাড় অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এক-দুই দিনের মধ্যে মনামারা ব্রিজ সংলগ্ন এলাকার ভাগাড়ও অপসারণ করা হবে।
তিনি বলেন, ময়লা ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন নির্মাণসহ বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে জমি নির্ধারণ করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন, দ্রুত ময়লা অপসারণ এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।
সেপ্টেম্বরে রোগী ভর্তি প্রায় দ্বিগুণ
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কিশোর কুমার ধর বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।
তিনি জানান, ৪ অক্টোবর পর্যন্ত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। বহির্বিভাগে প্রতিদিন কয়েক শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
স্থানীয়দের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ, নিয়মিত মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরাও।
ছবির ক্যাপশন: ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ভৈরবে সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ