ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, গত রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং বনবিটের গহীন জঙ্গলের হরিখোলার বুরাবুনিয়া নামক এলাকায় মা হাতি একটি বাচ্চা প্রসব করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মা হাতিটির মৃত্যু হয়। পরে স্থানীয় বনবিটের কর্মীরা খবর পেয়ে হাতির বাচ্চাটিকে উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসেন। হোয়াইক্যং রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার জহির উদ্দিন মো. মিনার চৌধুরী সদ্য ভূমিষ্ট হাতির বাচ্চাটিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।
তিনি আরো বলেন, পরবর্তীতে ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক ও একদল বনকর্মীকে সঙ্গে নিয়ে ওই বাচ্চাটিকে উদ্ধার করি। বর্তমানে হাতির বাচ্চাকে সাফারি পার্কের ভেটোরিনারি হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকের পরামর্শে হাতির বাচ্চাটিকে দুধ, কলাসহ ফল জাতীয় খাবার দেওয়া হচ্ছে। যেহেতু মায়ের স্নেহ থেকে বঞ্চিত, তাই হাতির বাচ্চা যেন মায়ের অভাব অনুভব না করে; সেজন্য সবকিছু হাতে ধরে খাওয়ানো হচ্ছে। হাতির বাচ্চাটি সুস্থ আছে বলেও জানান তিনি।
.png)