ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, বন্ধের দাবি এলাকাবাসীর

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ৫ জানুয়ারি ২০২৫
রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, বন্ধের দাবি এলাকাবাসীর
ডেরা রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের ঘিওরে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত হন জেলার আলেম সমাজও।

রোববার বেলা ১১টায় উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের সামনে এ মানববন্ধন হয়। এতে অন্তত দশটি গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- পুরান গ্রামের বাসিন্দা আবু ওয়াহেদ, মো. লিটন মোল্লা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওবায়দুর রহমান দুলাল, জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, শোলধারা তজিম উদ্দিন হাফিজিয়া মাদরসার প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, বানিয়াজুরি ফয়েজুল উলম হাফিজিয়া মাদরাসার পরিচালক মাহবুবুর রহমান, ডেরা রিসোর্টে জোড়পূর্বক জমি দখল করে নেয়া ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন, সুফিয়া বেগম, মরিয়ম বেগম প্রমুখ।

Advertisement

মানবন্ধনে বক্তারা বলেন, ডেরা রিসোর্ট বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় অসৎ উদ্দেশ্যে গড়ে ওঠে। শুরুতে গরুর ফার্ম করার নামে অদৃশ্য ক্ষমতার বলে জোরপূর্বক জমি ক্রয় ও দখল করা হয়। পরবর্তীতে রিসোর্ট স্থাপন করা হয়। রিসোর্টে বিনোদন ও অবকাশ যাপনের অন্তরালে চলছে মাদক, নারী দিয়ে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ। অবিলম্বে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা বন্ধ করতে হবে।

মানববন্ধনে কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আমার ৮৫ শতাংশ জমি তারা জোরপূর্বক দখল করেছেন। এখন পর্যন্ত একটি টাকাও আমাকে দেয়নি। টাকা চাইতে গেলে মামলা হামলার ভয় দেখায়।

এ বিষয়ে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের অপারেশন ম্যানেজার ওমর ফারুক বলেন, আমরা সরকারি নিয়ম কানুন মেনেই এই রির্সোট পরিচালনা করছি। এই রিসোর্টে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। যদি কোনো জমির মালিক আমাদের কাছে টাকা পায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের জমির টাকা দিয়ে দেব।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!