ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সৌমিক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ৪ জানুয়ারি ২০২৫
এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সৌমিক
ছবিতে সৌমিক জোয়ারদার

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে টানা একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন সৌমিক জোয়ারদার (১৮) নামে এক কলেজশিক্ষার্থী। শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, ৪ ডিসেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি।

মিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সৌমিক মিরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর মাহামুদা চৌধুরী কলেজের প্রভাষক আব্দুল মজিদ জোয়ারদারের একমাত্র ছেলে।

Advertisement

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর সৌমিকসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হন। ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তাদের মধ্যে সৌমিকের অবস্থা গুরুতর হাওয়ায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ একমাস লাইফ সাপোর্টে থাকার পর শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আছাদুর রহমান বাবু জানান, সৌমিকের মৃত্যুর ঘটনায় মিরপুর প্রেস ক্লাব গভীরভাবে শোকাহত। তার জানাজা শনিবার বাদ আছর মিরপুর ওয়াপদা সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!