ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুরে দাঁড়াচ্ছে রাঙ্গামাটির পর্যটন ব্যবসা

মো. নুরুল আমিন, রাঙ্গামাটি
প্রকাশিত: ২১:০৪, ৩ জানুয়ারি ২০২৫
ঘুরে দাঁড়াচ্ছে রাঙ্গামাটির পর্যটন ব্যবসা
পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙ্গামাটি।

শীতের পরশে ঘুরে দাঁড়াচ্ছে রাঙ্গামাটির পর্যটনশিল্প। জমে উঠছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলো। দুইদিনের সরকারি ছুটি ঘিরে পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙ্গামাটি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এবং মনের প্রশান্তির খোঁজে দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে এসেছেন এখানে। শুক্রবার থেকেই এখানকার পর্যটনকেন্দ্রগুলোতে ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়।

পর্যটকদের মন কাড়তে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং রূপের রানি খ্যাত রাঙ্গামাটির যেন জুড়ি নেই। এখানকার মনোরম ঝুলন্ত সেতু, ডিসি বাংলো পার্ক, জেলা পুলিশের পলওয়েল পার্কে পর্যটকের উপচেপড়া ভিড় দেখা যায়। এখান থেকে প্রকৃতিপ্রেমীরা পাহাড় ঘেরা শান্তজলের হ্রদের সৌন্দর্য উপভোগ করতে ইঞ্জিনচালিত বোটযোগে পাড়ি জমাচ্ছেন শুভলং ঝর্ণা, পেদাটিংটিং, টুকটুক ইকোভিলেজ, বেড়ান্যে লেক, বড়গাং, মুন্সী আবদুর রউফ স্মৃতিসৌধসহ বিভিন্ন দর্শনীয় স্থানে।

এছাড়াও রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকেও ছুটছেন পর্যটকেরা। বিশেষ করে শুক্রবার ও শনিবার সারাবছরই পর্যটন মৌসুমে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর সরকারি ছুটির দিন হওয়ায় পর্যটকদের আনাগোনায় মুখরিত ছিল বেশিভাগ পর্যটনকেন্দ্র।

Advertisement

পলওয়েল পার্কে পর্যটকের ভিড়।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দুইদিনের ছুটিতে ৫০-৭০ ভাগ হোটেল-মোটেল বুকিং রয়েছে। তবে আগামীতে এ সংখ্যা আরো বাড়বে, ব্যবসাও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন আবাসিক হোটেল ব্যবসায়ীরা।

এদিকে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রাঙ্গামাটির পুলিশ প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশ।

ঢাকার গাজীপুর থেকে রাঙ্গামাটি পর্যটনের ঝুলন্ত সেতুতে বেড়াতে আসা পর্যটক আনোয়ার জানান, রাঙ্গামাটির মনোরম দৃশ্য খুবই সুন্দর। কাপ্তাই হ্রদ, পলওয়েল পাক, শুভলং ঝরনা প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে।

প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন পর্যটকেরা।

চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে হ্রদ পাহাড়ের শহর বেড়াতে আসা পর্যটক দীপ্ত চৌধুরী জানান, দেশের অন্যান্য পর্যটন এলাকার চেয়ে রাঙ্গামাটি অনেক সুন্দর। এখানকার কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্ণা, আসামবস্তী-কাপ্তাই সড়কের মনোরম দৃশ্যগুলো দেখলে যে কেউ খুবই বিমোহিত হবে।

এদিকে, সাজেকের কুঁড়েঘর রিসোর্টের ম্যানেজার মো. সাইফুল ইসলাম জানান, আজকে সাজেকে টুরিস্টদের প্রচুর সমাগম হয়েছে। প্রায় ৫ হাজার টুরিস্ট সাজেক ভ্রমণ করছেন। আজকে সাজেকের রিসোর্টগুলোতে শতভাগ বুকিং আছে।

পুলিশের পলওয়েল পার্ক টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, দুইদিনের ছুটিতে পলওয়েল পার্কে মোটামুটি পর্যটকের ভিড় ছিল। তবে বিভিন্ন দিবসের ছুটির দিনে পর্যটক এর চেয়ে দ্বিগুণ হয়।

রাঙ্গামাটি পর্যটন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, শুক্রবার ও শনিবার দুইদিনের ছুটিতে পর্যটনের ঝুলন্ত ব্রিজ দেখতে প্রায় ৩ হাজার পর্যটক এসেছে এবং আবাসিক হোটেলগুলো প্রায় শতকরা ৫০ শতাংশ বুকিং হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!