ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে ফেরা হলো না কলেজ শিক্ষকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮, ২৯ ডিসেম্বর ২০২৪
স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে ফেরা হলো না কলেজ শিক্ষকের
নিহত রাজু আহমেদ ও আহত সাদিয়া। ছবি: সংগৃহীত

জামালপুর সদরে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজু আহমেদ নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী সাদিয়া আক্তার।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদরের মহেশপুর কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বিকেলে জামালপুর সদরের নান্দিনার নিজ বাড়ি থেকে রাজু আহমেদ ও সাদিয়া আক্তার মোটরসাইকেলে ময়মনসিংহ সড়কে লাহিড়ীকান্দা এলাকায় ঘুরতে যান। এই নবদম্পতি চাকরির সুবাদে জামালপুর শহরে বসবাস করেন। পরে শহরে ফেরার পথে সদর উপজেলার মহেশপুর কালিবাড়িতে এলে মোটরসাইকেল থেকে পড়ে যান সাদিয়া আক্তার। 

Advertisement

এ সময় পেছনে তাকিয়ে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাজু। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান রাজু। স্থানীয়রা দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিলে রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছেন সাদিয়া আক্তার।

নিহতদের আত্মীয় ডা. হিমেল জানান, রাজু-সাদিয়ার বিয়ে বছরখানেক আগে হয়েছে। রাজু আহমেদ ৪০তম বিসিএসের শিক্ষা ক্যাডার লাভ করে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণীবিজ্ঞানের প্রভাষক হিসেবে চাকরি করছিলেন। তার স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন। 

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!