সরেজমিনে দেখা যায়, উল্লাপাড়া উপজেলার মাঠগুলো সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা সরিষা ফুলের মাঠ যেন নরম রোদ, মাটির গন্ধ এবং ঝলমলে হলুদ ফুলে আবিষ্ট এক অপূর্ব দৃশ্যের জন্ম দিয়েছে। বেশিরভাগ জমিতে সরিষার ফুল ফুটেছে। আর কিছু দিনের মধ্যেই সরিষার ফল ধরা শুরু হবে।
জানা যায়, উপজেলার পশ্চিমাঞ্চলের উধুনিয়া, বাঙ্গালা কয়ড়া, মোহনপুর, বড়পঙ্গাশী এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়নের মাঠে উচ্চফলনশীল সরিষা চাষ করা হয়েছে। কৃষকরা সরিষার ফলন বাড়াতে ভিটামিন জাতীয় ওষুধ স্প্রে করছেন।
.png)
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জমিতে সরিষা আবাদ হয় এই উপজেলায়। এ বছর উপজেলায় ২৪ হাজার ৫৭১ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৯৭১ হেক্টর বেশি।
উধুনিয়া গ্রামের কৃষক মো. ওমর জানান, তিনি এবার ৪ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। আবহাওয়া অনুকূল থাকলে সরিষার ফলনও ভালো হবে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়নের খোসালপুর গ্রামের কৃষক সোলাইমান জানান, তিনি ৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন এবং প্রতি বিঘায় ৬ মণ সরিষা ফলনের আশা করছেন। সরিষার চাষে উপজেলা কৃষি অফিস থেকে তিনি ১ কেজি বীজ, ১০ কেজি ফসফেট সার এবং ১০ কেজি পটাশ সার পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াছমিন সুমী জানান, গত অর্থবছরে উল্লাপাড়ায় ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৭১ হেক্টরে। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫ হাজার কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও সাপোর্ট কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে।