শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বরগুনার আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের বাসিন্দা ইমন সরদার প্রেম করে জুবেয়ারা জান্নাতিকে বিয়ে করেন। পরে জান্নাতির টিকটক করা নিয়ে প্রায় সময়ই ইমনের সঙ্গে কলহের সৃষ্টি হতো। টিকটক করার কারণে স্ত্রীর মাথার চুলের শোভাবর্ধন করা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে ইমন জান্নাতির মাথার চুল কেটে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলে স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে ঘরে ফিরে স্ত্রীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ইমন। এরপর তিনি বাড়িতে ফিরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দিয়ে ইমনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
.png)
নিহতের স্বামী ইমন সরদার বলেন, আমার স্ত্রীর চুল কেটেছি এবং পর্দায় থাকতে বলেছি। তাকে আর কিছুই করিনি। ঘরে বাজার না থাকায় তাকে বলে আমি ঘর থেকে বাজার করতে বের হই। পরে বাড়িতে এসে দেখি সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।