ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইট চলাচলে বিঘ্ন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ৮ ডিসেম্বর ২০২৪
ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইট চলাচলে বিঘ্ন
ফ্লাইট। ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটছে। সেইসঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। তবে শিডিউল অনুযায়ী সকাল সোয়া ৭টায় অবতরণ করে সোয়া ৮টায় বেসরকারি কোম্পানির ফ্লাইট এয়ার অ্যাস্টা ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতো বলে জানা গেছে। ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামায় বন্ধ থাকায় অর্ধ শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, রোববার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হলেও সেখানে বিরাজ করছে মাত্র ৫০ মিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হলে প্লেন চলাচল স্বাভাবিক হতে পারে।  

Advertisement

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানান, এখনো কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। দুপুরের দিকে আবহাওয়ার উন্নতি হলে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।  

এদিকে তীব্র শীতের কারণে নিম্নআয়ের মানুষরা কষ্টে আছেন। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। এছাড়া বেড়েছে শীতজনিত রোগব্যাধি। জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন শিশু ও বয়স্করা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!