ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এবার পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই সৈয়দপুর বিমানবন্দরের ঢুকে পড়ল

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০, ১৩ নভেম্বর ২০২৩
এবার পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই সৈয়দপুর বিমানবন্দরের ঢুকে পড়ল
সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়া শিশু

ঢাকার পর এবার পাসপোর্ট-বোর্ডিং পাস না নিয়েই নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়েছে ১০ বছরের এক শিশু। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়ে ওই শিশু। শিশুটি বিমানে করে ঢাকা যাওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিকেলে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর পৌরশহরে আসে শিশুটি। এরপর বাস টার্মিনাল থেকে সন্ধ্যায় অটোরিকশায় বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের এন্ট্রি গেট দিয়ে অন্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে সে। এ সময় সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিবের কাছে শিশুটির চলাফেরা দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদে অবৈধভাবে প্রবেশের বিষয়টি জানতে পারেন তিনি। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টায় ছিল।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, শিশুটিকে আটকের পরই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত শিশুটির স্বজনরা বিমানবন্দরে পৌঁছেনি। শিশুটিকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরে প্রায় ১০ বছরের এক শিশু ভিসা–পাসপোর্ট ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়ে। পরে তাকে জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!