বুধবার (২৭ নভেম্বর) ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। রেজাউল করিম মালা ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইলের মালিক।
জানা যায়, অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাত দল প্রথমে জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করেন। এরপর শিল্পপতির ছেলে ও পুত্রবধূর হাত-পা বেঁধে এলোপাথাড়ি পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
.png)
শিল্পপতি রেজাউল করিম মালা বলেন, ভোরে দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিল। এছাড়া ঘরের বাইরেও ডাকাত দলের সদস্যরা দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল।
তিনি বলেন, ডাকাতরা প্রথমে আমার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে তাদের হাত-পা বেঁধে ফেলে। তখন তারা চিৎকার দেওয়ার চেষ্টা করলে ছয়জন ডাকাত একসঙ্গে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করে। এরপর আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের পরিহিত অলংকার ও আলমারি থেকে আরও ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমারি ভেঙে সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আলাউদ্দিন বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়। এ বিষয়ে আমরা থানায় মামলা করবো।
ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।