ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নকল শিশুখাদ্য বিক্রি, জরিমানা ১৫০০০০

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ২৫ নভেম্বর ২০২৪
নকল শিশুখাদ্য বিক্রি, জরিমানা ১৫০০০০
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অননুমোদিত ও নিম্নমানের ভেজাল খাদ্য বিক্রয়, ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য বিক্রয়সহ নানা অপরাধে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

সোমবার দুপুরে জীবননগর উপজেলা শহরের মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান সূত্রে জানা গেছে, জীবননগর পৌরশহরের মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য এবং বেনামি ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, চিপসসহ বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

Advertisement

এছাড়া অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, প্লাস্টিকের খেলনাযুক্ত চিপস ও শিশুখাদ্য, মেয়াদ বিহীন ও বেনামি পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

পাশাপাশি সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রি, ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!