ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ১৯ নভেম্বর ২০২৪
শেরপুরে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় ৩ জন গ্রেফতার
চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা হত্যা মামলায় তিনজন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা (১৯) হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোমিন ওরফে মিন্টু (২৭), সাইদ মাসুম ওরফে বাবু (২২) ও নাজবুল হক (২০)।

Advertisement

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অপারেশনস্ অ্যান্ড মিডিয়া অফিসার নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা খাসমহল গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা প্রায় ৪ বছর আগে তার স্বজনদের সঙ্গে রাগ করে অবৈধ পথে ভারতে চলে যায়। এমতাবস্থায় গত ১৮ অক্টোবর তিনি তার মাকে ফোনে জানান তিনি ভারত থেকে বাংলাদেশে আসবেন। এক পর্যায়ে ২১ অক্টোবর সোহেল রানার গ্রামের বাবুর মোবাইলে ফোনে এক ব্যক্তি জানায় সোহেল রানার রক্তাক্ত লাশ শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের হাতিটিলা পাহাড়ে পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে। 

পরে নিহত সোহেল রানার চাচা টুটুলসহ স্বজনরা লাশ শনাক্ত করে এবং নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। 

মামলা করার পর র‍্যাব-১৪ এ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। পরে ১৮ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে র‍্যাব-১৪ এবং রাজশাহী ক্যাম্পের যৌথ আভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ীর কানাপাড়া এলাকা থেকে মোমিন ওরফে মিন্টু, সাইদ মাসুম ওরফে বাবু ও নাজবুল হককে গ্রেফতার করে।

র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে নালিতাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!