শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলা ফতুল্লার ভুঁইগড় এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমেন আলী জামালপুরের ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে লিংক রোডে ওভার পাসের ওপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে, অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা মরদেহের পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।
.png)
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. কামাল জানান, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করি। এরপর ময়নাতদন্তের জন্য সেটি মর্গে পাঠানো হয়। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জি ভাঙা ছিল।
তিনি আরো বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো সিএনজি বা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তার বাড়ি জামালপুর জেলায় হলেও তিনি আশপাশের কোথাও থাকতেন। তিনি নিম্ন আয়ের কোনো পেশাজীবী ছিলেন। আমরা তার বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছি।