ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রফতানিমুখী ট্রাকগুলো ‘কার্গো ইয়ার্ডে’ অগ্রাধিকার পাবে: বাণিজ্য উপদেষ্টা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৪ নভেম্বর ২০২৪
রফতানিমুখী ট্রাকগুলো ‘কার্গো ইয়ার্ডে’ অগ্রাধিকার পাবে: বাণিজ্য উপদেষ্টা
বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ফিতা কেটে উদ্বোধন করেন ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ড. এম শাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকগুলো এ কার্গো ইয়ার্ডে রাখা হবে। সঙ্গে সঙ্গে ভারতে রফতানিমুখী বাংলাদেশি পণ্যবোঝাই ট্রাকগুলোও এ ইয়ার্ডে অবস্থান করবে। তবে, ভারতীয় পণ্যবোঝাই আমদানিকৃত ট্রাকের চেয়ে ভারতে রফতানিকৃত বাংলাদেশি ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে এখানে অবস্থান করতে পারবে।

Advertisement

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেনাপোল পৌর প্রশাসক, ড. রাজীব হাসান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ফারিয়া, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ।

পরে ড. এম শাখাওয়াত হোসেন বন্দর অডিটরিয়ামে স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারি ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

বেনাপোল সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান জানান, বেনাপোল দেশের সর্ববৃত্তম স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ গাড়ি আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে এবং বাংলাদেশি রফতানি পণ্য নিয়ে ১৫০ থেকে ২০০ গাড়ি প্রতিদিন ভারতের প্রবেশ করে। পণ্যবোঝাই গাড়িগুলো বেনাপোল বন্দরে প্রবেশের পর রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় প্রতিনিয়ত বেনাপোল বন্দরে যানজটের কবলে পড়তো। আজ বৃহস্পতিবার কার্গো ইয়ার্ড চালু হওয়ার ফলে একসঙ্গে এই টার্মিনালে ১২০০ থেকে ১৫০০ পণ্যবাহী ট্রাক রাখা যাবে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করি।

৩২৯ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বলে জানান এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!