ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধলেশ্বরী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ৮ নভেম্বর ২০২৪
ধলেশ্বরী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে -ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদী থেকে রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ধলেশ্বরী নদীর উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

Advertisement

নিহতের স্ত্রী আঞ্জুমান আরা জানান, গত বুধবার রাতে তার স্বামীকে মোবাইলে কল করে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেয়। তারপর রুবেল আর বাড়িতে ফেরেনি। আশেপাশে ও নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে লোকজন জানায় ফোর্ডনগর ধলেশ্বরী নদীর উত্তর পাশে ভাসমান মরদেহ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে দেখেন তার স্বামীর মরদেহ। এ হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, নিহতের মাথায় চারটি ও বাম কানের নিচে একটি কোপের আঘাত রয়েছে। গলার শ্বাসনালীর রগ কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধামরাই থানা থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ সিংগাইর থানা এলাকায় উদ্ধার। এখানে ঘটনাস্থল দুটি। দুই থানা পুলিশ সমন্বয় করে যেকোনো এক থানায় হত্যা মামলা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!