নিহত রিফাত হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার এলাকার সোহরাব আলীর ছেলে।
জানা গেছে, রিফাত ডিজাইন সেট নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং নয়নপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। শেড নির্মাণকাজে নিয়োজিত রিফাত মঙ্গলবার সকাল ৯টার দিকে আনুমানিক ৩০ ফুট উঁচুতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান।
.png)
নিহতের বড় ভাই ফরহাদ হোসেন জানান, রিফাতকে কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিটি স্ক্যান করার জন্য নির্দেশ দেন। তবে স্ক্যানের জন্য রওনা হওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।
চিকিৎসকেরা জানান, মাথায় আঘাতজনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও দুই হাত ভেঙে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, কাজ করার সময় ওপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পর্কে জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং কাজের সময় সতর্কতা না মেনে চলার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।