ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজ পড়তে গিয়ে দুর্বৃত্তের কোপে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ৫ নভেম্বর ২০২৪
নামাজ পড়তে গিয়ে দুর্বৃত্তের কোপে বৃদ্ধের মৃত্যু
নিহত আব্দুল কুদ্দুস শেখের স্বজনদের আহাজারি -ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস শেখ পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। তিনি ওই এলাকার মৃত হাসেম শেখের ছেলে।

নিহতের মেয়ে নিলুফা বেগম বলেন, বাবা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মসজিদে ফজরের নামাজ পড়তেন। তিনি মঙ্গলবারও ঘুম থেকে উঠে রাজপাট দক্ষিণপাড়া মার্কাজ মসজিদে ফজরের নামাজ পড়তে বের হন। পথিমধ্যে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে পূর্বে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। বাবার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে সেখানে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিলুফা আরো জানান, ঘটনাস্থলে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া পাদুকা পড়ে ছিল। পরে পুলিশ সেগুলো উদ্ধার করেছে।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত শুরু করেছি। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!