ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ৩ নভেম্বর ২০২৪
ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
খুঁটির ওপর উঠে লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে খুঁটির ওপর উঠে লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহিনুর (৪০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের নিউটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীনুর যশোর জেলার কেশবপুর থানার মন্ডারখোলার টিটা বাজিতপুর এলাকার হযরত আলীর ছেলে। এ ঘটনায় আহত হন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে মো.শহিদ (৪৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ভৈরব শহরের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নিউটাউন এলাকায় ভৈরব বাজার-৩ বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন লাইনম্যান শাহিনুর ও শহিদ মিয়া। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহিনুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Advertisement

নিহতের ভাগ্নে রাজু মিয়া বলেন, প্রতিদিনের মতো আজ সকালে কাজের জন্য মামার সঙ্গে বের হই। তারপর কাজ শুরু করার পূর্বে ভৈরব পিডিবির বৈদ্যুতিক অফিসের সঙ্গে কথা বলে মেইন লাইন বন্ধ করে মামা বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে উঠেন। কিন্তু খুঁটিতে উঠামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাসহ দুইজন মাটিতে পড়ে যান। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মামা মারা যান। বিদ্যুৎ অফিসের কর্মচারীদের খামখেয়ালির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.রেজিনা পারভিন বলেন, সকালের দিকে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত অবস্থায় দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আস‍া হলে তাদের মধ্য একজনের মৃত্যু হয়। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ভৈরব পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, শহরের ভৈরব বাজার এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে কয়েকদিন যাবত বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ চলছিল। আজ সকালের দিকে লাইনের কাজ করতে গিয়ে লাইনম্যানের হাতের তার ছুটে পাশের লাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে তার দাবি।

ভৈরব থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!