ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ইলিশ শিকার, ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ২৯ অক্টোবর ২০২৪
মেঘনায় ইলিশ শিকার, ১৪ জেলের কারাদণ্ড
সাজাপ্রাপ্ত জেলেরা -ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে ৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, এক জেলেকে ২ হাজার টাকা জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৭ কিশোর জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

Advertisement

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- আমির হোসেন গাজী, হারুন ঢালী, মো. জাহাঙ্গীর, রিয়াদ রাঢ়ি, রমজান ব্যাপারী, হৃদয় মোল্লা, রিপন খান, মো. ফয়সাল, জনি ব্যাপারী, আল-আমীন মোল্লা, বাদশা হাওলাদার. কিরন খান, ওমর ফাটল রাঢ়ি ও নাজমুল হাসান। ২ হাজার টাকা জরিমানা করা হয় মো. ইব্রাহিমকে।

মুচলেকা রেখে ছেড়ে দেওয়া অপ্রাপ্তবয়স্ক কিশোর জেলেরা হলেন- মো. সোহেল, মো. হাবীব, শামীম, কাজল, পারভেজ, ওমর ও মো. হাসিব। আটককৃত জেলেদের বাড়ি শহরের টিলাবাড়ি, বহরিয়া ও গোবিন্দিয়া গ্রামে।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জেলা ও উপজেলা টাস্কফোর্স সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২২ জেলেকে ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে আটক, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!