স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উপজেলার লতাচাপলী ইউপির তাহেরপুর গ্রামে প্রচণ্ড বাতাসে একটি মসজিদসহ অন্তত ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে তাহেরপুর গ্রামের মনোয়ারা বেগম নামে এক নারীর হাত ভেঙে গেছে। তিনি এখন চিকিৎসাধীন।
তাহেরপুর গ্রামের আবু তালেব সরদার বলেন, প্রচণ্ড বাতাসে তাহেরপুর জামে মসজিদটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আর গ্রামের অনেক ঘরবাড়ি গাছের নিচে চাপা পড়েছে। তবে শুক্রবার সকাল থেকে গাছ অপসারণের কাজ করছেন ভুক্তভোগীরা।
.png)
একই গ্রামের জামাল সরদার জানান, তার ঘরের ওপর গাছ উপড়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে নীলগঞ্জ ইউপির গইয়াতলা গ্রামে একটি বেড়িবাঁধ স্বাভাবিকের চেয়ে উচ্চ পানির তোরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, ঝড় পরবর্তী আমরা খোঁজ খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করা শেষ হলে সরকারিভাবে সহযোগিতা দেওয়া হবে।