ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ডানা: চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ২৫ অক্টোবর ২০২৪
ঘূর্ণিঝড় ডানা: চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’ ভয়াল রূপ ধারণ করে ধেয়ে আসতে শুরু করেছে স্থলভাগের দিকে। নদীতে তীব্র ঢেউ ও ঘূর্ণি বাতাস থাকায় চাঁদপুর থেকে সবরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ ছাড়া ঘূর্ণিঝড় ডানার কারণে চাঁদপুর নদী বন্দরে তিন নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চাঁদপুরে সকাল থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর ১টার পর থেকে ভারী বর্ষণ ও বাতাসের তীব্রতা বাড়ে। সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান।

Advertisement

এদিকে সকাল থেকে ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ-মতলব রুটের যাত্রাবাহী ছোট নৌযান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌ-বন্দর কর্তৃপক্ষ।

চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান জানান, সকাল থেকে ঘূর্ণিঝড় ডানার প্রভাব না থাকায় ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করে। তবে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করা ছোট নৌযান বন্ধ রাখা হয়। দুপুরে হঠাৎ বৃষ্টি বাতাস শুরু হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর উপকূলীয় এলাকার আওতায় থাকা হিসেবে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় ডানার কারণে এরই মধ্যে চাঁদপুরে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি শুক্রবার বিকেল পর্যন্ত চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!