ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

না জানিয়ে মোবাইল নেয়ায় ভাইকে গলাকেটে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২১ অক্টোবর ২০২৪
না জানিয়ে মোবাইল নেয়ায় ভাইকে গলাকেটে হত্যা
ছবি: প্রতীকী

বগুড়ার গাবতলীতে মোবাশ্বের হোসেন (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চাচাতো ভাই নাবিল আহম্মেদকে (২০) আটক করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোবাশ্বের হোসেন নাড়ুয়ামালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও গাবতলী আইডিয়াল কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর অভিযুক্ত নাবিল মো. সেলিমের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, মোবাশ্বের হোসেনের হার্টে ছিদ্র থাকায় কয়েকদিন আগে অপারেশন করে আনা হয়। এ কারণে সে বাড়ি থেকে বের হতো না। আজো সে বিছানায় শুয়ে তার চাচাতো ভাইয়ের মোবাইল নিয়ে খেলছিল। না জানিয়ে মোবাইল নেয়ায় নাবিল আহম্মেদ মোবাশ্বেরকে চাকু দিয়ে গলাকেটে হত্যা করে।

নাবিল আহম্মেদ মানসিক রোগী বলে জানা গেছে। সে ওই বাড়িতেই থাকে। ঘটনার পর পালিয়ে না গিয়ে বাড়িতেই ঘোরাঘুরি করছিল সে। পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাবিলকে আটক করে থানায় নিয়ে যায়।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত নিহতের চাচাতো ভাই একজন মানসিক রোগী বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে নাবিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!