রোববার (২০ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. শফিউল আলম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে।
.png)
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, রোববার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় জনৈক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান মজুতের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়িটি ঘেরাও করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যমতে, বসতঘর ও ভিটে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়ির আঙ্গিনায় বালির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২টি গ্রেনেড, ১টি বোমা, ২৪০টি রাইফেলের গুলি ও ১টি কম্পাস।
বিজিবির এ কর্মকর্তা বলেন, আটককৃত ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে যে, সীমান্তের অবৈধ পথে মিয়ানমার থেকে এসব অস্ত্র ও গুলিসহ অন্য উপকরণ পাচার করে আনা হয়। পরে এগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুত করা হয়েছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।