টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রান্ত নস্যাৎ করেছে।
অভিযানে গ্রেফতার হওয়া তিনজন হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), একই এলাকার আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া দক্ষিণ শীলখালী এলাকার মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।
.png)
বুধবার সন্ধ্যায় পুলিশ পাহাড়ে অভিযানে অপহরণের শিকার বেলালকে উদ্ধার ও জড়িত দুই ডাকাত অস্ত্র এবং ষড়যন্ত্রে জড়িত চাচাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ি ঢালায় দুঃসাহসিক অভিযান চালিয়ে অপহৃত বেলালকে উদ্ধার করে মুক্তিপণ নিতে আসা আবছার ও জসিম নামে দুই ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের দখল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা এবং কিরিচ উদ্ধার করা হয়।
ওসি গিয়াস উদ্দিন জানান, আটককৃতদের দেওয়া তথ্যে অপহরণের মূল পরিকল্পনাকারী অপহৃত বেলালের চাচা আমীর আহমদকেও আটক করা হয়।
পুলিশের তথ্য মতে, বেলালের চাচা আমীর আহমদ সম্পত্তির বিরোধের জেরে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করান। গত সোমবার ভোরে বেলালকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
এ ঘটনায় গত ১৬ অক্টোবর টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরো একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।