ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিক আন্দোলন: ব্যাপক ক্ষতি ও উত্তেজনা পরিস্থিতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ১২ অক্টোবর ২০২৪
গাজীপুরে শ্রমিক আন্দোলন: ব্যাপক ক্ষতি ও উত্তেজনা পরিস্থিতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত এসএম নীট ওয়্যারস লিমিটেড ফ্যাক্টরিতে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে শনিবার ব্যাপক আন্দোলন ও সহিংসতা ঘটে। আন্দোলনের ফলে কারখানাটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিন সকাল ৯টার দিকে শ্রমিকরা কর্মস্থলে এসে দেখতে পান ২৬৫ জন শ্রমিকের নামের একটি তালিকা, যাদের চাকরি বাতিল করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের বাধার মুখে শ্রমিকরা ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। উত্তেজনা বাড়তে থাকলে শ্রমিকরা ফ্যাক্টরির গেটে তালা লাগিয়ে দেন এবং অন্যদের ভেতরে প্রবেশে বাধা দেন।

Advertisement

শ্রমিকদের মূল দাবি ছিল ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল, সময়মতো বেতন ভাতা প্রদান, কাজের পরিবেশ উন্নত করা এবং অতিরিক্ত কর্মঘণ্টা কমানো। দাবি আদায়ে ব্যর্থ হয়ে আন্দোলন সহিংস রূপ নেয় এবং শ্রমিকরা ফ্যাক্টরির ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এতে ১০-১৫টি কম্পিউটার, ৫০-৬০টি সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ মূল্যবান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে। তাদের হস্তক্ষেপের পর আন্দোলন কিছুটা থমকে যায়।

ফ্যাক্টরির কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে এবং তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

শ্রমিক প্রতিনিধিরা বলেছেন, ‘আমাদের দাবি ন্যায্য। মালিক পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া ছাঁটাই করা হয়েছে। আমাদের আন্দোলন চলবে যদি দাবি পূরণ না হয়।’

স্থানীয় প্রশাসন শ্রমিক এবং কর্তৃপক্ষের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, ‘শ্রমিকদের দাবি মেনে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধান করা উচিত।’

এসএম নীট ওয়্যারস ফ্যাক্টরির এই ঘটনা গাজীপুরের শিল্পাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শ্রমিক আন্দোলন হিসেবে গণ্য হচ্ছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো বড় আকারে আন্দোলনের সম্ভাবনা রয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা অনেকেই বলেন, বৈষম্যমূলক ছাঁটাইয়ের প্রতিবাদে বাঁচার লড়াই এটা। আমরা সবাই একসঙ্গে আমাদের ন্যায্যদাবি আদায়ের জন্য আন্দোলন করেছি। কিন্তু কর্তৃপক্ষ বেছে বেছে বেশ কিছু শ্রমিককে ছাঁটাই করেছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। আজ যারা চাকরি হারিয়েছে, তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত। এই বেকারত্বের মুখে তাদের পরিবার চলবে কীভাবে? সন্তানদের মুখে আহার তুলে দেবে কীভাবে? এই শহরে যদি তারা কাজ হারায়, তাহলে বেঁচে থাকার আর কোনো উপায় থাকবে না।

শ্রমিকরা আরো বলেন, আমাদের কোনো বিকল্প নেই। আমরা পরিবার-পরিজন নিয়ে দিন কাটাই এই কারখানায় কাজ করে। অথচ আজ কর্তৃপক্ষ আমাদের কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করছে। এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আমরা একসঙ্গে আন্দোলনে নেমেছি, কারণ আমরা জানি যে, একবার আমাদের সহকর্মীদের সঙ্গে এমন আচরণ করলে ভবিষ্যতে আমাদেরও একই পরিণতি হবে।

তারা বলেন, আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা সমান অধিকার চাই। সব শ্রমিকের চাকরির নিশ্চয়তা চাই। আমরা এই বৈষম্য আর সহ্য করতে পারছি না। যদি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের রুটি-রুজি কেড়ে নেয়া হলে আমরা পথে নামতে বাধ্য হব।

এ বিষয়ে কারখানার কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!