ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৌভাতে মুরগির রোস্ট নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৮

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১২ অক্টোবর ২০২৪
বৌভাতে মুরগির রোস্ট নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৮
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে খাবার দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে শিবচর পৌরসভার যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান চলছিল। দুপুরে একটি মুরগির রোস্ট দেওয়াকে কেন্দ্র করে মেহমান সুরুজ মিয়ার সঙ্গে খলিল বেপারীর বাড়ির লোকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

Advertisement

ওই সংঘর্ষে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গুরুতর আহতাবস্থায় হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, বিয়ে বাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!