ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৫

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৩ অক্টোবর ২০২৪
মেহেরপুরে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগরে চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাতে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খোরশেদ আলমের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহাজনপুর গ্রামের আ. সাত্তারের ছেলে হেলাল উদ্দীন লাভলু, বিশ্বনাথপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুস সালাম, একই গ্রামের মকছেদ মণ্ডলের ছেলে বাহালুল ইসলাম, দারিয়াপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম এবং কোমরপুর গ্রামের আলিহিম মণ্ডলের ছেলে আজিজুল হক।

Advertisement

বুধবার রাতে ভুক্তভোগী খোরশেদ আলম মুজিবনগর থানায় ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, গোপালপুর গ্রামের খোরশেদ আলমের বামনপাড়া বাজারে রফিক কার ওয়াশ ও ভলকানাইজিং ওয়ার্কশপ ছিল। টাকার প্রয়োজনে ওয়ার্কশপটি গত ২৫ এপ্রিল খোরশেদ আলম বামনপাড়া গ্রামের মোকসেদ মিরের ছেলে মারুর নিকট ১৮ লাখ টাকায় বিক্রি করেন। এই বিষয়টি জানতে পেরে আসামিরা গত ৩০ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্রসহ খোরশেদ আলমের বাড়িতে ঢুকে তাকে ঘিরে ধরে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। প্রাণভয়ে খোরশেদ আলম ঘরে থাকা ৫ লাখ টাকা আসামিদের দিয়ে দেন। ৫ লাখ টাকা পেয়ে আসামিরা এক সপ্তাহের মধ্যে বাকি ৫ লাখ টাকা পরিশোধ না করলে তাকে খুন করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। সেই সময় ঘটনার বিষয়ে খোরশেদ আলম মুজিবনগর থানায় এটি অভিযোগ দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে অভিযোগটি গ্রহণ করেনি। এ কথা জানতে পেরে পুনরায় আসামিরা খোরশেদ আলমকে হত্যার হুমকি দিলে তিনি প্রাণভয়ে আদালতেও মামলা করেননি। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার কারণে ন্যায়বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি এই মামলা দায়ের করেন বলে জানান।

মুজিবনগর থানার ওসি সাইফুল আলম জানান, খোরশেদ আলমের দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!