বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আব্দুল হালিম কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহরি দোকানদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসতঘরে ঢুকে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউসহ বাসে থাকা অন্তত ১০ জন আহত হন।
.png)
ঘরের মালিক সোলায়মানের ছেলের বউ শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখি ঘরের মধ্যে গাড়ির মাথা। এ সময় আমি ঘরে আটকে পড়লে স্থানীয়রা এসে উদ্ধার করেন। এছাড়া পাশের ঘর ভেঙে আমার শাশুড়ি আহত হয়েছেন। আমার ছেলে-মেয়ে দূরে ছিল বিধায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
ভুঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।