ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হুন্ডির সাড়ে ২৩ লাখ টাকাসহ আটক ২ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৪
হুন্ডির সাড়ে ২৩ লাখ টাকাসহ আটক ২ 
আটককৃত মো. আরিফুল ইসলাম ও মো. শওকত -ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৬) এবং দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মৃত মস্তর আলীর ছেলে মো. শওকত (৫২)।

মঙ্গলবার রাত সোয়া ৭টার সময় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের (পিএসসি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত সীমান্ত থেকে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় দুইজন ব্যক্তিকে একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।

এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে একটি কালো রঙের ব্যাগসহ তাদেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামিসহ ব্যাগটি তল্লাশি করে নগদ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা, ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল উদ্ধার করে। আটক দুইজনকে টাকাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!