সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে মোংলা থানা পুলিশ।
নিহত আনিকা খুলনার দৌলতপুর দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের স্ত্রী।
.png)
স্থানীয়রা জানান, দীর্ঘ ৮ মাস যাবত তারা এখানে ভাড়া থাকতেন। সোমবার সকালে মেয়ের মামাকে তুফান ফোনে বলেন, আপনার ভাগ্নি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের মামা বাড়িতে এসে দেখেন ঘরের দরজা বাইরে থেকে শেকল দিয়ে আটকানো। শেকল খুলে তার ভাগ্নিকে খাটের ওপর মৃত অবস্থায় দেখতে পান। তখন আমাদের ডাক দিলে আমরা পুলিশে খবর দিই।
নিহত আনিকার মা বলেন, আমার মেয়ে নানার বাড়িতে থাকা অবস্থায় পরিচয় গোপন রেখে ৫ বছর আগে সম্পর্ক করে বিয়ে করে। জামাই কোনো কাজ করত না। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া-ফ্যাসাদ চলত। কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের সংসারে তাসনিম নামে ৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। জামাই আমাকে প্রায়ই বলত, রাগ হলে কোনো এক সময় আপনার মেয়েকে মেরে ফেলব। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টায় আমরা খবর পাই পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসায় একজন মহিলার লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তবে ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।