বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি মহুয়া মঞ্চ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জাবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল, আব্দুর রশিদ জিতু, তৌহিদ মোহাম্মদ সিয়াম, রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ, নাসিম আল তারিক, ফাহমিদা ফাইজাসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.png)
বিক্ষোভ শেষে বক্তারা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার মৃত্যুর ঘটনাকে ‘বিচার বহির্ভূত হত্যা’ উল্লেখ করে প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী শামীম মোল্লাকে প্রথম দফায় ক্যাম্পাসের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় এবং দ্বিতীয় দফায় ক্যাম্পাসের নিরাপত্তা অফিসে গণপিটুনি দিয়ে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।