ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় দুই সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন, ভিডিও ধারণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২৪
নওগাঁয় দুই সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন, ভিডিও ধারণ
ভুক্তভোগী দুই সাংবাদিক

নওগাঁর পত্নীতলায় অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক ও ভুল চিকিৎসার সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। ক্লিনিক ডায়াগনস্টিকের মালিক, চিকিৎসক ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা তুলে নিয়ে নির্যাতন করে সাংবাদিকতা না করার প্রতিশ্রুতি লিখে নিয়েছে। এছাড়া জোর করে গলায় জুতার মালা ঝুলিয়ে ছবি ও ভিডিও ধারণ করেছে। 

অপমান সইতে না পেরে নির্যাতনের শিকার দৈনিক জয়পুরহাট বার্তার প্রতিনিধি মাহমুদুন নবী বাড়িতে যাননি। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরজন, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি রবিউল ইসলাম নিজ বাড়িতেই আছেন। শনিবার রাতে তাদেরকে তুলে নিয়ে পত্নীতলা সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পাশবিক নির্যাতন চালানো হয়।

ঘটনার শিকার মাহমুদুন নবী জানান, শনিবার বিকেলে তিনি নজিপুর বাজারে সিটি ক্লিনিকের সামনে একটি স্টলে চা পান করছিলেন। এ সময় সিটি ক্লিনিকের চিকিৎসক ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দেওয়ান সবুর হোসেন তাকে জোর করে ক্লিনিকের ভেতরে ধরে নিয়ে যান এবং অতর্কিত মারধর শুরু করেন। ঘরে আটকে রেখে মোবাইল কেড়ে নিয়ে কয়েক দফায় তাকে মারপিট করা হয়।

Advertisement

একপর্যায়ে সন্ত্রাসী কায়দায় মেরে ফেলার হুমকির মুখে সাংবাদিকতা না করার প্রতিশ্রুতি দিয়ে মাহমুদুন নবীর কাছ থেকে একটি সরকারি রাজস্ব স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। এছাড়া ফেসবুক লাইভে সাংবাদিকতা না করার ঘোষণা এবং গলায় জুতার মালা ঝুলিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে উদ্ধার করে থানায় নিয়ে যান। 

তিনি আরো বলেন, অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক ও ভুল চিকিৎসার সংবাদ প্রকাশের জের ধরে ক্লিনিক মালিক ও ডাক্তাররা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে নির্যাতন করেছেন। এখন মামলা না করার হুমকি দিচ্ছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চান ভুক্তভোগীরা। 

এদিকে একই দিন রাত ১০টার দিকে মানবকন্ঠের প্রতিনিধি রবিউল ইসলামকে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে করে তুলে নেয়া হয় সিটি ক্লিনিকে। সেখানে একটি ঘরে আটকে তাকে নির্যাতন করা হয়।

রবিউল জানান, নির্যাতনের পর জোর করে সরকারি রাজস্ব স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে ক্লিনিক মালিকদের ভাড়াটে সন্ত্রাসীরা। 

এ ঘটনায় চিকিৎসক ও ক্লিনিক ডায়াগনস্টিক মালিক পক্ষ একে অপরকে দোষারোপ করছেন।

সিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ জানান, চিকিৎসকদের সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্ব হয়েছে। ঘটনার সঙ্গে ক্লিনিক কর্তৃপক্ষের কেউ জড়িত নয় দাবি করেন তিনি।

চিকিৎসক দেওয়ান সবুর হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ক্লিনিক ডায়াগনস্টিক মালিক পক্ষের লোকজন সাংবাদিকদের মারধর করেছে।

এ বিষয়ে পত্নীতলা থানার পরিদর্শক (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সাংবাদিক মাহমুদুন নবী ও রবিউল ইসলামকে উদ্ধার করে আনা হয়েছিল। তবে তারা এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!