ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ৫ সেপ্টেম্বর ২০২৪
রাজবাড়ীতে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বজিত কুমার বিশ্বাস -ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে বৃদ্ধা হত্যা মামলায় বিশ্বজিত কুমার বিশ্বাস নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এই রায় দেন। বিশ্বজিত কুমার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের সুজিত কুমার বিশ্বাসের ছেলে।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারির ১২ তারিখে উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের আশালতা দাস (৭৫) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বিশ্বজিত। ওই দিনই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিশ্বজিতকে গ্রেফতার করে পাংশা থানা পুলিশ।

নিহতের জামাতা স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর উজির আলী শেখ বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজিত তার অপরাধের কথা স্বীকার করেছে। ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে বৃহস্পতিবার আদালতের বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

এই রায়ের মধ্য দিয়ে সমাজে অপরাধের প্রবণতা কমবে বলে তিনি আশা করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!