ভিডিওটিতে দেখা যায়, লাশ যখন তোলা হচ্ছে তখন ওই ভ্যানের পাশ দিয়ে পায়চারী করছেন দুই পুলিশ সদস্য। পরে তাদের দু’জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। সে সময় তার পরনে ছিল পুলিশের ভেস্ট ও হাতে হেলমেট। আর টি-শার্ট পরিহিত আরেকজন হলেন কনস্টেবল রেজাউল করিম।
রোববার স্থানীয়রা রেজাউলের পরিচয় নিশ্চিত করেন। এছাড়া গোয়েন্দা পুলিশের একটি সূত্র রেজাউল করিমের পরিচয় শনাক্ত করেছে। তিনি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কনস্টেবল। গ্রামের বাড়ি বরিশালে বলে জানা গেছে।
.png)
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ আহমেদ বিপ্লব গণমাধ্যমকে বলেন, আমাদের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশে রেজাউল নামে একজন কনস্টেবল কর্মরত রয়েছেন। তবে ভিডিওতে দেখতে পাওয়া ওই ব্যক্তি তিনি কিনা তা আমি নিশ্চিত নই। রেজাউল এখন ছুটিতে রয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার মরদেহ স্তূপাকারে জমা করে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, দু’জন পুলিশ সদস্য একটি মরদেহ ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগে ভ্যানে লাশ স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। পরে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আশুলিয়া থানার পাশের ঘটনার।