বৃহস্পতিবার দুপুরে জীবননগর ফুল বাজারের সামনে যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় এ মাদক উদ্ধার করে বিজিবি সদস্যরা।
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পক্ষে বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদেরকে নিশ্চিত করেছেন।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর বিজিবি সদস্যরা বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যশোর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসের লাগেজ বক্সের ভেতর মাদকের একটি বড় চালান যশোর থেকে দর্শনা নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল দু’ভাগে বিভক্ত হয়ে জীবননগর ফুল বাজারের সামনের সড়কের ওপর পৃথক স্থানে অবস্থান নেয়।
পরবর্তীতে যশোর থেকে দর্শনাগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পৌনে ২টার সময় জীবননগর ফুল বাজারের সামনে এলে বিজিবি টহল দল বাসের গতিরোধ করে এবং পরবর্তীতে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে বাসের ভেতর প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রংয়ের একটি কার্টন মালিকবিহীন অবস্থায় জব্দ করে। পরে কার্টনটি ব্যাটালিয়ন সদরে নিয়ে তার ভেতর হতে ১৫ কোটি ২০ লাখ টাকার ৩ কেজি ৪০ গ্রাম ওজনের অতি মূল্যবান মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে।