মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) দূর্গা রানী শিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এদিকে পৃথক এক পত্রে প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে উঠা দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত জানিয়েছে মাউশি। অধিদফতরের একজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালকের সমন্বয়ে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করেছে মাউশি। কমিটিকে সরেজমিন তদন্ত পূর্বক আগামী ১০ কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
.png)
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে তার বাসস্থান জেলা লালমনিরহাটে বদলির আদেশ দেয় মাউশি। তবে এমন বদলিকে ‘পুরস্কার’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ‘স্বৈরাচারি আচরণ’ এবং দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে আন্দোলনে নামে স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি, সড়ক অবরোধসহ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা রুখসানা পারভীনকে বরখাস্ত করে তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তের দাবি জানান। শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো মন্ত্রণালয়কে লিখিতভাবে জানায় জেলা প্রশাসন। এমন পরিস্থিতিতে প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে ওএসডি করাসহ তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মাউশি।