বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীনগর এলাকার দিরুজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আনিস মিয়া (৩০) ও আমির হোসেন (৭০)। নিহত চারজনের দুজন সাবমিয়া গ্রুপের এবং বাকি দুজন কোন গ্রুপের তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর।
.png)
স্থানীয়রা জানান, শ্রীনগরের সায়দাবাদ বাজার দখলকে কেন্দ্র করে গত দুমাস ধরে একই এলাকার হানিফ মাস্টার গ্রুপ এবং সাবমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে বুধবার (২১ আগস্ট) সকাল থেকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। বুধবার দিবাগত রাতে সেটি টেঁটাযুদ্ধে রূপ নেয়। সবশেষ বৃহস্পতিবার ভোরে চারজন নিহত হন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, চারজনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
রায়পুরা থানার ওসি শাফায়েত হোসেন পলাশ বলেন,খবরটি আমরা পেয়েছি। সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।