বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সুবর্ণা চক্রবর্তী নামে এক গৃহবধূকে কামড়া দেয় একটি রাসেল ভাইপার।
স্থানীয়রা জানান, রাতে ঘরের বাতি জ্বালাতে গিয়েছিলেন ওই গৃহবধূ। এ সময় তার পায়ে একটি সাপ কামড় দেয়। পরে তার চিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসক কোনো সাপে কামড়িয়েছে তা নিশ্চিত হতে না পেরে চিকিৎসা দিতে সময় নিচ্ছিলেন। এরপর ওই গৃহবধূর দেবর ঘরে এসে সাপটি খুঁজতে থাকে। একপর্যায়ে খুঁজে বের করে দেখেন সাপটির রাসেল ভাইপার।
.png)
আহত নারীর স্বামী সঞ্জয় চক্রবর্তী বলেন, আমিসহ এলাকার লোকজন দ্রুত আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনো সাপে কেটেছে তা নিশ্চিত না হতে পেরে অ্যান্টিভেনম দিতে কিছুটা সময় নেয়। তখন আমি আমার ছোট ভাইকে বিষয়টি জানালে সে দৌড়ে গিয়ে লোকজনসহ সাপ খুঁজে বের করে। সাপটি ছিলো রাসেল ভাইপার। পরে এটাকে আধ মরা করে পলিথিন ব্যাগে নিয়ে হাসপাতালে ছুটে আসে। এটি রাসেল ভাইপার বুঝতে পেরে চিকিৎসক দ্রুত সে সাপের অ্যান্টিভেনম রোগীকে দিয়ে দেন। এখনো আমার স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে।
দেবর রবিন চক্রবর্তী বলেন, হরিসভা মন্দিরের পিছনে আমাদের বাড়ি। বাড়ির পাশে একটি খাল রয়েছে। যা পাশের মেঘনা নদীতে গিয়ে মিলেছে। কয়েক মাস আগে আমরা একটি বড় রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মেরে ফেলেছিলাম। এরপর এখন এই সাপ আমার বৌদিকে কামড়িয়েছে। আমাদের পরিবারসহ এলাকার সবাই এখন সাপ আতঙ্কে রয়েছে। ঘরে আরো রাসেল ভাইপার সাপ লুকিয়ে আছে কিনা এই ভয়ে সবাই বাইরে পাহারা দিচ্ছি।
চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধারক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, রোগীকে অ্যান্টিভেনম চিকিৎসা দিয়ে পুরোপুরি নিরাপদ মনে না করা পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।