ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে জুট মিলের যন্ত্রাংশ পাচার, তিন ট্রাকসহ আটক ৬

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১১ আগস্ট ২০২৪
জামালপুরে জুট মিলের যন্ত্রাংশ পাচার, তিন ট্রাকসহ আটক ৬
বকশীগঞ্জে জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল ট্রাকে করে পাচারের সময় তিন ট্রাক উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল ট্রাকে করে পাচারের সময় তিনটি ট্রাক উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। এ সময় ট্রাকের তিন চালক ও চালকের তিন সহকারীকে আটক করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাত ১টার দিকে পৌর এলাকার বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বাবুল চিশতি জুট মিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই রাতে বকশীগঞ্জ জুট মিলের গেইট খুলে তিনটি ট্রাক প্রবেশ করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ দায়িত্বরত সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জুট মিলে হানা দিয়ে যন্ত্রাংশ বোঝাইকৃত তিনটি ট্রাক উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন চালক ও তাদের তিন সহকারীকে আটক করা হয়। ট্রাকগুলো মালামাল নিয়ে ফরিদপুর জেলার মধুখালী জুট মিলে যাওয়ার কথা ছিল।

Advertisement

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, শনিবার রাতে সেনাবাহিনীর সহযোগিতায় জুট মিলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ২০১৮ সালের ১০ এপ্রিল জুট মিলের মালিক মাহবুবুল হক বাবুল চিশতি দুদকের মামলায় জেলে থাকার সুযোগে স্থানীয় একটি চক্র জুট মিলের প্রায় শত কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল পাচার করেছে বলে জানান স্থানীয়রা। বারবার লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। লুটপাটের পেছনে দায়ীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী ও জুট মিলের সাবেক কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!