ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে হত্যা মামলায় চার ছিনতাইকারীর যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১১ জুলাই ২০২৪
জামালপুরে হত্যা মামলায় চার ছিনতাইকারীর যাবজ্জীবন
প্রাইভেটকার চালক আরিফ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে প্রাইভেটকার চালক আরিফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ এই রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ জেলার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী, জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার ফারুকের ছেলে সাব্বির হোসেন, নুর হোসেনের ছেলে সবুজ হোসেন ও বাদশা মিয়ার ছেলে রবিন।

মামলার রায় থেকে জানা যায়- ২০২১ সালের ২৮ আগস্ট রাতে প্রাইভেটকার চালক আরিফ মোটরসাইকেল যোগে জামালপুর সদর উপজেলার মাছিমপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হামিদপুর গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে আরিফকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যার সঙ্গে জড়িত থাকা সন্দেহে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, গ্রেফতার চারজনের মধ্যে মোহাম্মদ আলী ও মো. সাব্বির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বাকি দুই আসামি সবুজ হোসেন ও রবিন উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্ট তাদের জামিন না দিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন। হাইকোর্টের নির্দেশে জামালপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সুলতান মাহমুদের আদালতে অভিযোগ গঠন করে ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন করে চার আসামির উপস্থিতিতে প্রত্যেককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আবুল কাশেম তারা ও অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদা খান মজলিস তানিয়া। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!