শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউপির মেনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউপির মেনিপাড়া গ্রামে ৬ একর জমি নিয়ে মাছের ঘের করেন সোহেল রানা। তিনি গত ৫ বছর ধরে ওই ঘেরে মাছ চাষ করে আসছেন। ওই ঘেরের মালিকানা দাবি করছেন একই গ্রামের আল-আমিন মৃধা, জসিম হাওলাদার, খলিল হাওলাদার, জয়নাল ও সোলায়মান মৃধা। হঠাৎ শুক্রবার সন্ধ্যায় ওই জমি দখলে নেয়ার জন্য দুটি ভেকু দিয়ে ঘেরের বাঁধ কেটে ও সরকারি রাস্তায় নির্মিত একটি কালভার্ট ভেঙে দিয়ে প্রায় ১০০ মণ মাছ লুট করে নিয়ে যায় এবং বসতবাড়িতে হামলা চালায়।
.png)
ঘের মালিক সোহেল রানা বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার মাছের ঘেরটি দখলে নেয়ার জন্য ২০-২৫ জন লোকের একটি দল দেশীয় অস্ত্রসহ বসতবাড়িতে হামলা করে এবং দুটি ভেকু দিয়ে আমার ঘেরের বাঁধ কেটে প্রায় ১০০ মণ মাছ লুট করে নিয়ে যায়। এতে আমার প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযুক্ত খলিল ও আল-আমিন মৃধা বলেন, ওই ঘেরের ভেতরে আমাদের জমি রয়েছে। সেই জমিতে আমরা গিয়েছি। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় ঘের কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।