ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম শুরু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ৯ আগস্ট ২০২৪
কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

পাঁচদিন পর কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় সীমিত পরিসরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কার্যক্রম শুরু হয়। থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। 

শুক্রবার সকাল থেকে কক্সবাজার সদর থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করতে শুরু করেছেন। 

থানায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, কম্পিউটার স্থাপনসহ কর্মকর্তারা থানার নিজ নিজ দায়িত্ব পালন করতে শুরু করেছেন। অচিরেই সবকিছু কাটিয়ে পূর্ণাঙ্গভাবে থানার কার্যক্রম শুরুসহ জনগণের সেবাদান শুরু হবে বলে জানিয়েছেন থানায় কর্মরতরা।

Advertisement

এদিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকতা ও অফিসারদের সঙ্গে কথা হচ্ছে। চেষ্টা চলছে দ্রুত সময়ের মধ্যে থানায় ফেরানোর জন্য। সদর থানায় শুক্রবার থেকে কার্যক্রম শুরু হয়েছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে। 

কক্সবাজারে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মো. হাসান তানভীর জানান, শুক্রবার থেকে সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। মানুষ এখন থেকে সেবা পাবেন। মানুষের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে যা যা দরকার আমরা করবো। থানা থেকে লুটকৃত মালামাল ছাত্ররা বিভিন্নভাবে উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসছে। আশা করছি, ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!