ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে রোহিঙ্গাসহ দুজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১০ জুলাই ২০২৪
কক্সবাজারে রোহিঙ্গাসহ দুজনের যাবজ্জীবন
ফাইল ফটো

কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা পাচার ও ২৭ লাখ ৭ হাজার নগদ টাকা উদ্ধার মামলায় রোহিঙ্গাসহ দুজনের যাবজ্জীবন এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

জরিমানার অর্থ অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত নগদ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৯ জুলাই) জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদের আদালত এ রায় দেন। রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক মো. বেদারুল আলম। 

Advertisement

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত কলিম উল্লাহর ছেলে রোহিঙ্গা নাজমুল হুদা (৩০) ও রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ার ছলিম উল্লাহ মেম্বারের ছেলে মো. শরীফ (৪২)।

রায়ের সময় মো. শরীফ আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু রোহিঙ্গা নাজমুল হুদা পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এবং আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক মামলাটি পরিচালনা করেন।

পিপি অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান বলেন, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর রাতে র‍্যাব-১৫ এর একটি টিম শহরের লিংক রোড এলাকা থেকে দুই মোটরসাইকেল আরোহীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করে। এ ঘটনায় র‍্যাব-১৫ এর ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। তাদের মধ্যে একজন হাজতে রয়েছেন অপর পলাতক। দীর্ঘ মামলার কার্যক্রম শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!