ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগারে উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ৬ আগস্ট ২০২৪
কাশিমপুর কারাগারে উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দিদের মুক্তির দাবিতে উত্তেজনা শুরু হয়েছে। পরে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।

কারাগার সূত্র জানায়, গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে পৃথক চারটি কারগার রয়েছে। এরমধ্যে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি, জঙ্গি, ফাঁসি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সব বন্দিরা রয়েছেন। এছাড়া রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীরাও ওই কারগারে রয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারেও গুরুত্বপূর্ণ মামলার আসামি ও ফাঁসির আসামি রয়েছে।

Advertisement

একটি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কিছু বন্দি কারাগারের অভ্যন্তরে থাকা কারারক্ষীদের জিম্মি করে মুক্তির দাবিতে বিদ্রোহ শুরু করেন। পরে কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় আগে থেকেই সেখানে অল্প সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এরমধ্যে উত্তেজনা আরো বেড়ে গেলে দুপুর দেড়টার দিকে অতিরিক্ত সেনা সদস্যরা হেলিকপ্টারযোগে কারা অভ্যন্তরে এসে বন্দিদের নিয়ন্ত্রণে আনেন।

এদিকে কারা অভ্যন্তরে বিদ্রোহের খবর পেয়ে বন্দিদের স্বজনরা সকাল থেকেই কারাগারের সামনে অবস্থান করেন। এ সময়ে তাদের সঙ্গে আন্দোলনকারীরা যোগ দিয়ে বিক্ষোভ করেন। পাশাপাশি কারা ফটকে বন্দিদের আত্মীয়-স্বজনরা ভিড় করেন।

এ বিষয়ে জানতে কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতর চারটি কেন্দ্রীয় কারাগারের সুপারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা কেউ রিসিভ করেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!