ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওয়ার্কশপের ভেতর ঢুকতেই প্রাণ গেল যুবকের

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ১৫ জুলাই ২০২৪
ওয়ার্কশপের ভেতর ঢুকতেই প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদর আলী (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের ইদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত আদর আলী ওই গ্রামের নিদু মিয়ার ছেলে। এ ঘটনায় কামরুল ইসলাম নামে আরো একজন গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আদর আলীর স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আদর আলী দুপুরের দিকে হাঁটতে হাঁটতে বাড়ি সংলগ্ন একটি ওয়ার্কশপে যান। ওই সময় ওয়ার্কশপের লোকজন সেখানে তাদের মতো করে কাজ করছেন। ওয়ার্কশপের ভেতরে প্রবেশ করতেই হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের তারে তার পা লেগে যায়। ওয়ার্কশপের মালিক কামরুল ইসলাম দেখেতে পেয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন দেখে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই আদর আলী মারা যান। গুরুতর আহত কমারুলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

Advertisement

উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য এনু মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ঘটনাস্থলে মারা যান এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!