শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃতরা হলেন- পল্লবীর রাসেল দাস ও আলাউদ্দিন, ভাষানটেকের আব্দুর নূর ও পুরান ঢাকার আইয়ুব আলী শেখ।
.png)
পল্লবী থানার এসআই আব্দুল আজিজ জানান, শুক্রবার প্রবল বর্ষণের সময় বারনটেক আজিজ মার্কেট একটি ফার্নিচার দোকানে পানি জমে যায়। সেই পানিতেই কর্মচারী রাসেল দাস ও আলামিন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
ভাসানটেক থানার এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডল জানান, শুক্রবার সকালে বাসার নিচে জমে থাকা পানির মাঝে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুন নুর। পরে স্থানীয় লোকজন তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুর নূর উত্তর ভাসানটেক এলাকায় একটি বাসায় থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
পুরান ঢাকার কোতোয়ালি থানার এসআই রাজীব ঢালী জানান, শুক্রবার পুরান ঢাকার আগরবাতি গলিতে বৈদ্যুতিক জোড়া খাম্বার সামনে পানির মধ্যে আইয়ুব আলী অচেতন হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আইয়ুব আলী পেশায় রংমিস্ত্রি ছিলেন।