ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলায় ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ১০ জুলাই ২০২৪
হত্যা মামলায় ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে শিশু রিয়াদ হত্যা মামলায় ২৪ বছর পর দুই ভাইসহ ৪ জনের যাবজ্জীবন। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে শিশু রিয়াদ হত্যা মামলায় ২৪ বছর পর দুই ভাইসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি নৃপেন্দ্র নাথ মণ্ডল পিপি।   

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে একাব্বর আলী, সোলায়মান আলীর ছেলে শফিকুল ইসলাম, আব্দুল মতিন ও কালাই উপজেলার হাজীপুর গ্রামের আসাদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন। এদের মধ্যে একাব্বর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের ৫ বছরের ছেলে রিয়াদ ২০০০ সালের ২৫ মার্চ সকালে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পায়নি। পরে ২৬ মার্চ আসামিরা রিয়াদকে অপহরণ করেছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর ১০ হাজার টাকা দেওয়া হলেও আসামিরা রিয়াদকে ২৭ মার্চ রাতে হত্যা করে। পরদিন দুপুরে গ্রামের একটি গর্ত থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মামা বেলাল উদ্দীন তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!