নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে মোটরসাইকেল আরোহী আসাদ শেখ (৪০) এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খা’র ছেলে ভ্যানযাত্রী মো. আনোয়ার (৩৫)।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া অজ্ঞাত একটি যান কাহালপুর এলাকায় মোটরসাইকেল আরোহী আসাদ শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
অন্যদিকে, সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার দুইশত গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে অপর একটি বাসের চাপায় ভ্যানযাত্রী মো. আনোয়ার নিহত হন।
স্থানীয়দের বরাতে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোল্লাহাট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার পাশে কার্টন ভর্তি ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং দুর্ঘটনাকবলিত একটি ভ্যান দেখতে পাই। আর সড়কের মাঝে একটি মরদেহ পড়েছিল। আমরা তা উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কোনো দ্রুতগতির পরিবহনের চাপায় হয়তো তাদের মৃত্যু হয়েছে।