ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উপকারের প্রতিদানে অপহরণের শিকার আজাদুল!

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১ জুলাই ২০২৪
উপকারের প্রতিদানে অপহরণের শিকার আজাদুল!
গ্রেফতারকৃত আসামিরা -ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় চা পানে অজ্ঞান করে অপহরণের ঘটনায় ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার রাতে নরসিংদী জেলার মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার মাধবদী এলাকার মো. কাওছার, অনিক মিয়া, জাহাঙ্গীর মিয়া এবং পনির মিয়া।

সোমবার বিকেলে এসব তথ্য জানান র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।  

Advertisement

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত ২৬ জুন সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আজাদুল মন্ডল কাইলা কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে রানীরহাট বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় শাকপালা বাসস্ট্যান্ডে পেট্রল পাম্পের পাশে একটি সাদা রঙের পিকআপ তার সামনে এসে দাঁড়ায়। পিকআপ থেকে দুইজন ব্যক্তি তাকে জানায়, তারা বিপদে আছে, গাড়িটি কোথায় রাখা যায় সে ব্যাপারে সাহায্য করতে। তখন আজাদুল তাদেরকে ওই পেট্রল পাম্পে গাড়ি পার্ক করতে পরামর্শ দেন।

তারপর তারা তার উপকারের কারণে চা খেতে অনুরোধ করেন। এ সময় আজাদুল তাদের অনুরোধে চা পান করেন। চা পান করার পরে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে আজাদুলের জ্ঞান ফিরলে তিনি নিজেকে একটি পিকআপের কেবিনে আবিষ্কার করেন। তখন অপহরণকারীরা তাকে ছুরি দিয়ে জীবননাশের হুমকিসহ লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর করেন ও তার ফোন ব্যবহার করে পরিবারের কাছে বিকাশ নম্বর দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় আজাদুলের ভাই র‍্যাব-১২ এর সহযোগিতা চাইলে দ্রুত অভিযানে নামা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে আজাদুলকে উদ্ধারসহ পাঁচ অপহরণকারী গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আজাদুলকে ও গ্রেফতারকৃত আসামিদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!